উদ্যোক্তাদের অগ্রগতি নিয়ে ‘আইডিয়া’য় বিশেষ সেমিনার অনুষ্ঠিত
স্টার্টআপ ইকোসিস্টেম গঠনে ও দেশীয় স্টার্টআপদের অগ্রগতি চলমান রাখতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ” প্রকল্পের (আইডিয়া) বিসিসি কর্মকর্তাদের নিয়ে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হলো বিশেষ সেমিনার। রাজধানীর প্রশাসনিক এলাকা আগারগাঁওয়ে অবস্থিত আইসিটি টাওয়ারে আইডিয়া প্রকল্পের কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মশালয় অংশ নেন প্রায় ৫০ জন কর্মকর্তা।
আইডিয়া প্রকল্পের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক ড. মো: মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ সামসুল আরেফিন বলেন, স্টার্টআপ এর যাত্রা একটি কঠিন যাত্রা। শুধু আইডিয়া থাকলেই হবে না, এর পাশাপাশি বিজনেস মডেল, কমার্সিয়ালাইজেশন সম্পর্কেও স্টার্টআপদের ধারণা নিতে হবে।সফলতার জন্যে পরিশ্রম করতে হবে। ব্যার্থ হলেও নতুন উদ্যম নিয়ে এগিয়ে যেতে হবে।
বক্তব্যে তিনি বিদেশি স্টার্টআপ সংস্কৃতির ব্যাখ্যা করেন।
বিশেষ অতিথি সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দিয়ে বলেন, বাংলাদেশে বর্তমানে স্টার্টআপদের চাহিদা রয়েছে। তিনি বলেন আগে সুযোগ কম থাকলেও বর্তমানে বাংলাদেশ সরকার অনেক সুযোগ সৃষ্টি করছে। এখন সঠিক পদ্ধতিতে ডকুমেন্টশন করা প্রয়োজন। উদ্যোক্তাদের জন্য এই ডকুমেন্টশন অত্যন্ত জরুরী।
সভাপতির বক্তব্যে ড. মো: মিজানুর রহমান বলেন, বর্তমানে স্টার্টআপদের জন্য সরকারের পক্ষ থেকে সুযোগ-সুবিধা রয়েছে। তিনি বলেন যে উদ্যোক্তাদের জন্য রয়েছে মেন্টরিং সাপোর্ট, অনুদান সাপোর্ট, ভেঞ্চার ক্যাপিটাল সাপোর্টসহ নানা সুযোগ যার মাধ্যমে তৈরি হয়েছে একটি সুন্দর ইকোসিস্টেম। এই সুযোগগুলো তরুণদের সঠিকভাবে কাজে লাগাতে হবে। স্টার্টআপদের জন্য আইডিয়া প্রকল্পের মাধ্যমে স্টার্টআপদের কল্যানে এ ধরনের সহযোগিতা চলমান থাকবে।





